সামাজিক যোগাযোগমাধ্যমে ব্র্যাকের নামে ভুয়া ওয়েবসাইট খুলে চাকরির বিজ্ঞপ্তি প্রচারের অভিযোগ উঠেছে। ‘BRAC School’ নামের ওই ওয়েবসাইটে এক হাজারের বেশি পদে নিয়োগের কথা বলে নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে ৩৫০ টাকা ‘রেজিস্ট্রেশন ফি’ চাওয়া হচ্ছে।
ব্র্যাকের এক্সিকিউটিভ এডিটর আসিফ সালেহ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ বিষয়ে সতর্ক করেছেন। তিনি জানান, school.bracedu.net নামে একটি ভুয়া ওয়েবসাইট থেকে ব্র্যাকের নামে এসব নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে।
ওয়েবসাইটটিতে ‘রিজিওনাল এডুকেশন অফিসার’, ‘এডুকেশন কো-অর্ডিনেটর’ ও ‘অ্যাসিস্ট্যান্ট টিচার’ পদে এক হাজারের বেশি নিয়োগের কথা বলা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে ৩৫০ টাকা ‘রেজিস্ট্রেশন ফি’ চাওয়া হচ্ছে। ওয়েবসাইটে আসিফ সালেহসহ ব্র্যাকের কয়েকজন কর্মকর্তার ছবি ও বানোয়াট বক্তব্যও ব্যবহার করা হয়েছে।
আসিফ সালেহ বলেন, ‘এই ওয়েবসাইটের সঙ্গে ব্র্যাকের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ প্রতারণা।’
তিনি বলেন, ‘ব্র্যাক কোনো চাকরির আবেদন, নিবন্ধন, পরীক্ষা বা নিয়োগের জন্য কখনো কোনো টাকা নেয় না। ব্র্যাকের নামে কেউ বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে চাকরির জন্য টাকা চাইলে সেটি প্রতারণা হিসেবে বুঝতে হবে।’
এ ঘটনায় আইনি সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আসিফ সালেহ জানান, ব্র্যাকের সব চাকরির বিজ্ঞপ্তি শুধু ব্র্যাকের অফিসিয়াল ওয়েবসাইট brac.net ও ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে প্রকাশ করা হয়।
তিনি চাকরিপ্রত্যাশীদের ভুয়া ওয়েবসাইটে কোনো ব্যক্তিগত তথ্য না দিতে ও কোনো ধরনের টাকা না পাঠাতে আহ্বান জানান। পাশাপাশি পোস্টটি শেয়ার করে চাকরিপ্রত্যাশীদের সতর্ক করার অনুরোধ করেন।


