সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরেরও আগ্রহ প্রকাশ করেছেন।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়ার বৈঠকে এ আমন্ত্রণ জানানো হয়।
বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি যুবরাজের আমন্ত্রণ গ্রহণ করেছেন।
তিনি বলেন, ‘সৌদি আরবের সঙ্গে কৌশলগত সহযোগিতা ও অংশীদারিত্ব গড়ে তুলতে আমরা অত্যন্ত ইতিবাচক। দেশটির সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পৃক্ততা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
জাফের এইচ. বিন বলেন, ‘দুই দেশের রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ বিনিময় দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’। বাংলাদেশ ও সৌদি আরব পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
উপদেষ্টা আরও বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের প্রথম চার মাসের মধ্যেই এ অগ্রগতি বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য কূটনৈতিক সাফল্য।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।


