প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: এগিয়ে আনা হলো তানভীরের শুনানির তারিখ

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: এগিয়ে আনা হলো তানভীরের শুনানির তারিখ
গ্রেপ্তার হওয়া এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন শুনানির তারিখ এগিয়ে এনেছে আদালত।

শারীরিক অসুস্থতার কথা জানিয়ে আসামিপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে তানভীরের জামিন শুনানির ধার্য তারিখ আগামী ৯ সেপ্টেম্বরের পরিবর্তে ১ সেপ্টেম্বর করা হয়েছে।

সোমবার দুপুরে বগুড়ার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ কৌশিক খন্দকার এই আদেশ দেন।

এর আগে গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুর এলাকার একটি বাসা থেকে সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে একই দিন তাকে বগুড়া আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে ১০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

এরপর ১৭ আগস্ট বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী সালাউদ্দিন তানভীরের জামিন আবেদন নামঞ্জুর করেন। ওই আদেশের বিরুদ্ধে আসামিপক্ষ জেলা ও দায়রা জজ আদালতে একটি ফৌজদারি মিস কেস দায়ের করে। আদালত আবেদনটি গ্রহণ করে শুনানির জন্য আগামী ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছিল ।

আরও পড়ুন

তবে আসামির গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করে শুনানির তারিখ এগিয়ে আনার জন্য সোমবার আদালতে একটি বিশেষ পিটিশন দাখিল করেন তার আইনজীবী অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী।
বেলা আড়াই তার দিকে শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন এবং আগামী ১ সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করেন।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী বগুড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী বলেন, তানভীর দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তিনি সার্ভিকাল স্পন্ডালাইসিস, প্যানিক ডিসঅর্ডারে ভুগছেন। এর আগে তিনি দুই দফায় আইসিইউতে চিকিৎসা নিয়েছেন। কয়েক মাস আগের এসব চিকিৎসার পরও তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন।

আইনজীবী ইজাজ আল ওয়াসী বলেন, কারাগারে থাকা অবস্থায় তানভীরের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরিবারের সদস্যরা দেখা করতে গিয়ে তাকে হুইলচেয়ারে দেখতে পান।

পরে তারা জানতে পারেন, তিনি ১৫ তারিখে মাইনর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। ওই রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে এক রাত ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়। পরদিন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আবার কারাগারে নেওয়া হয়। এরপর সিটি স্ক্যান করানোর জন্য তাকে আবার হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে তানভীরের সিটি স্ক্যানের রিপোর্টটি তিনি নিজে দেখেননি বলে জানান

আইনজীবী আরও বলেন, তানভীরের জামিন শুনানির তারিখ আগে ৯ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। কিন্তু তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করা হলে স্বাস্থ্যহানি এমনকি জীবনহানির আশঙ্কা রয়েছে এমন যুক্তিতে আদালতে বিশেষ পিটিশন করা হয়। শুনানি শেষে আদালত জামিন শুনানির তারিখ এগিয়ে ১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মোছা. রুকাইয়া পারভীন বলেন, তানভীরের স্ট্রোকের লক্ষণ দেখা দিয়েছিল। এ সময় তার হাত- পা দুর্বল হয়ে পড়ায় কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে পাঠায়। তবে চিকিৎসকদের পরীক্ষায় তার স্ট্রোক হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়নি। তানভীরের সিটি স্ক্যানও করা হয়েছিলো এবং এর রিপোর্ট ভালো এসেছে।

তিনি বলেন, চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর