ঢাকা ক্লাব নির্বাচন: আলতামাশ কবিরের বিশাল জয়

ঢাকা ক্লাব নির্বাচন: আলতামাশ কবিরের বিশাল জয়
আলতামাশ কবির। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার অভিজাত ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ঢাকা ক্লাব লিমিটেডের ২০২৬-২০২৭ মেয়াদের সভাপতি নির্বাচনে জয় পেয়েছেন দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির (মিশু)। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিদায়ী সভাপতি শামীম হোসেনকে ৫৮৪ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন।

এবার নির্বাচনে মোট ভোটার ছিলেন তিন হাজার ৫১৫ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৩৭৩ জন, যা মোট ভোটারের ৩৯ দশমিক ০৬ শতাংশ।

ক্লাব সূত্রে জানা যায়, সভাপতি পদে এক হাজার ৩৭৩টি ভোটের মধ্যে বৈধ ভোট ছিল এক হাজার ৩৬৮টি। এর মধ্যে আলতামাশ কবির পেয়েছেন ৯৭৬ ভোট, যা মোট বৈধ ভোটের প্রায় ৭১ দশমিক ৩ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম হোসেন পেয়েছেন ৩৯২ ভোট। পাঁচটি ভোট অবৈধ বলে গণ্য হয়েছে।

২০২৫ সালের নির্বাচনে শামীম হোসেন ৬৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এবং সেবার আলতামাশ কবির পেয়েছিলেন ৪৯৫ ভোট। এক বছরের মাথায় বিপুল জনসমর্থন নিয়ে আলতামাশ কবির এবার ক্লাবটির নেতৃত্বে এলেন।

সভাপতি পদের পাশাপাশি পরিচালনা পর্ষদের ১০টি পরিচালক পদেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ১৬ জন প্রার্থী এই পদগুলোর জন্য লড়াই করেন। তাদের মধ্যে এক হাজার ৫৩ ভোট পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন তারেক আহমেদ আদেল।

আরও পড়ুন

পরিচালনা পর্ষদে নির্বাচিত অন্য বিজয়ীরা হলেন- ওসামা তাসীর (১,০১২ ভোট), তানভীর আজিজ খান (১,০০৩ ভোট), জাহাঙ্গীর চৌধুরী (৯৯২ ভোট), এস এম হাফিজ আল আশাদ (৯৫৫ ভোট), নাজমা আক্তার (৯৩৭ ভোট), মো. আমিনুল হক (৯৩৭ ভোট), আম্বারীন ইসলাম (৮৭৮ ভোট), আব্দুর রহমান (৮২৯ ভোট) এবং রাব্বানি জব্বার (৮২৫ ভোট)।

অন্যদিকে, পর্ষদ নির্বাচনে পরাজিত হয়েছেন মাহমুদুর রহমান (৭৬৭ ভোট), নায়ীম মো. কাইয়ুম (৬৪৮ ভোট), আমিনুর রেজা খান (৬৩৮ ভোট), তানভীর আহমেদ মিকি (৬০৫ ভোট), ইসরাত হেলাল (৫৮৯ ভোট) এবং তুহিন রেজা (৫৭২ ভোট)। পরিচালনা পর্ষদের নির্বাচনে মোট এক হাজার ৩২৪টি বৈধ ভোট এবং ৪৯টি অবৈধ বলে গণ্য হয়েছে।

ঢাকা ক্লাব দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী সামাজিক ক্লাব। ব্রিটিশ শাসনামলে উচ্চপদস্থ ব্রিটিশ কর্মকর্তাদের বিনোদন ও সামাজিক সমাবেশের কেন্দ্র হিসেবে ১৯১১ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। রাজধানীর রমনা এলাকায় পাঁচ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই ক্লাবটি আভিজাত্য এবং ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল।

শুরুর দিকে এই ক্লাবের সদস্যপদ কেবল ইউরোপীয়দের জন্য উন্মুক্ত ছিল। তবে ১৯৫০-এর দশকের পর থেকে এটি দেশের বিশিষ্ট ব্যবসায়ী, আমলা, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রধান সামাজিক মিলনমেলার কেন্দ্রে পরিণত হয়। প্রতি বছর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন এই ক্লাবের অন্যতম প্রধান ঐতিহ্য।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর