শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে আয়োজক ও দর্শনার্থীদের জন্য জরুরি নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়। এতে গুজব থেকে সতর্ক থাকা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও প্রতিমা বিসর্জনে নির্ধারিত রুট অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
গুজব থেকে সতর্ক থাকার আহ্বান
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো ঘটনার সত্যতা যাচাই না করে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে হবে। তথ্যের যথার্থতা যাচাই ছাড়া লাইক, কমেন্ট বা শেয়ার না করার পরামর্শ দিয়েছে পুলিশ।
পূজামণ্ডপের নিরাপত্তা
পূজামণ্ডপে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থানপথ রাখতে হবে। ব্যাগ, থলে বা পোটলা নিয়ে মণ্ডপে প্রবেশ থেকে বিরত থাকতে হবে।
মণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন নিশ্চিত করতে হবে। গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। সম্ভব হলে স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইটের ব্যবস্থা করতে হবে।
নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগের পাশাপাশি তাঁদের আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড দিতে হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা
পূজা উদযাপনের সময় অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। আজান ও নামাজের সময় মসজিদসংলগ্ন পূজামণ্ডপে এবং প্রতিমা বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে হবে।
পূজার সময় আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিসর্জনে নির্ধারিত রুট অনুসরণ
যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত রুট অনুসরণ করতে হবে। স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দিয়েছে পুলিশ।
জরুরি যোগাযোগের নম্বর
পূজার নিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য পুলিশের বিভিন্ন ইউনিট এবং ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের নম্বর প্রকাশ করা হয়েছে।
• পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুম: ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০
• ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি): ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০
• ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম: ০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯
• এসআরবি কন্ট্রোল রুম: ০১৭৭৭৭২০০৯
• ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম: ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯
এ ছাড়া, যেকোনো জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ২৪ ঘণ্টা বিনা মূল্যে ফোন করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা পাওয়া যাবে।
জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নম্বর জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।


