গুমের শিকার তিন শতাধিক এখনো নিখোঁজ: কমিশন

গুমের শিকার তিন শতাধিক এখনো নিখোঁজ: কমিশন
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় পর্বের তদন্ত রিপোর্ট জমা দেয় গুম সংক্রান্ত কমিশন।
Advertisement
Advertisement

 

বিগত শেখ হাসিনার সরকারের সময় গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো তিনশতাধিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন এ সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী। তিনি জানান, কমিশন এপর্যন্ত এক হাজার ৮৫০টি অভিযোগের মধ্যে এক হাজার ৩৫০টি যাচাই-বাছাই করেছে।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে কমিশন প্রধানের নেতৃত্বে দ্বিতীয় পর্বের প্রতিবেদন জমা দেওয়া হয়।

এ সময় সদস্যদের মধ্যে নূর খান, সাজ্জাদ হোসেন এবং নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া।

একজন কমিশন সদস্য প্রধান উপদেষ্টাকে বলেন, ‘ঘটনাগুলো এতটাই ভয়াবহ যে জড়িত অনেক কর্মকর্তা ও অন্যান্যরাও অনুশোচনায় ভোগেন। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন আত্মশুদ্ধির একটা প্রচেষ্টা হিসেবে। দুজন অফিসার লিখিতভাবে এর থেকে পরিত্রাণ চেয়ে চিঠিও লিখেছিলেন। চিঠিগুলো গণভবনে পাওয়া গেছে। তৎকালীন সেনাপ্রধান জনসমক্ষে এই চিঠির কথা স্বীকারও করেছেন।’

আরও পড়ুন

প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে। এটি ঘিরে বাংলাদেশে ও বিদেশে আগ্রহ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘কী ভয়াবহ একেকটি ঘটনা! আমাদের সমাজের ”ভদ্রলোকেরা”, আমাদেরই আত্মীয়-পরিজনরা এই ঘটনাগুলো ঘটিয়েছে। আপনারা যা যা কিছু পেয়েছেন, তার ভিত্তিতে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত। গা শিউরে ওঠার মতো ঘটনা।

‘এই ধরনের বন্দিশালা কেমন হয়, তিন ফিট বাই তিন ফিট খুপড়ির মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস আটকে থাকার যে নির্মমতা, নিষ্ঠুরতার চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত,’ যোগ করেন তিনি।

এ সময় তিনি কমিশন সদস্যদের কাছে প্রতিবেদনের আশু করণীয়গুলো চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রণালয়ের আওতায় পড়ছে, তা সুনির্দিষ্ট করে দেওয়ার নির্দেশনা দেন, যাতে করে সরকার স্বল্পসময়ের মধ্যে কাজগুলো শুরু করতে পারে।

নিখোঁজ ব্যক্তিদের পরিবার যাতে অন্তত ব্যাংক হিসাবে লেনদেন করতে পারে, সে বিষয়ে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান কমিশন প্রধান।

বিদ্যমান আইনে কেউ সাত বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেয়ার সুযোগ রয়েছে। আইন সংশোধন করে এটিকে পাঁচ বছর করার সুপারিশও করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর