সুদানে হতাহত শান্তিরক্ষীদের নাম জানাল সেনাবাহিনী

সুদানে হতাহত শান্তিরক্ষীদের নাম জানাল সেনাবাহিনী
সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ছয় সেনাসদস্য। ছবি: আইএসপিআর
Advertisement
Advertisement

সুদানে আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর নিহত ছয় সদস্যের পরিচয় জানা গেছে। একই সঙ্গে আহত আট বাংলাদেশির পরিচয়ও জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

রোববার আইএসপিআরের ভেরিফায়েড ফেসবুক পাতায় দেওয়া এক বিজ্ঞপ্তিতে হতাহতদের পরিচয় জানানো হয়।

এর আগে শনিবার স্থানীয় সময় বিকালে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে ড্রোন হামলা চালায় ‘বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী’। এতে দায়িত্বরত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন, আহত হন আট জন।

আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী নিহত শান্তিরক্ষীরা হলেন করপোরাল মো. মাসুদ রানা, সৈনিক মো. মমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মন্ডল, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।

হামলায় আহত হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, করপোরাল আফরোজা পারভিন ইতি, ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম, সৈনিক মো. মেজবাউল কবির, সৈনিক মোসাম্মৎ উম্মে হানি আক্তার, সৈনিক চুমকি আক্তার এবং সৈনিক মো. মানাজির আহসান।

আরও পড়ুন

আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।

এদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় তার শরীরে একটি অস্ত্রোপচার হয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাকি সাতজন আশঙ্কামুক্ত।

বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর