নিজেদের ইতিহাসের সেরা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ কাটাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগের ছয় আসর মিলে জয় ছিল যেখানে মাত্র দুটি, এবার চলতি আসরেই পেয়েছে দুই জয়। সেই ধারাবাহিকতায় সম্ভাবনা জেগেছিল প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠারও। কিন্তু বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ ১৩৬ রানের সংগ্রহ নিয়েও জিততে পারল না বাংলাদেশ। বাংলাদেশের দেয়া মাঝারি এই লক্ষ্য শেফালি ভার্মার ফিফটিতে ৫ উইকেট হাতে রেখে টপকে গেছে ভারত।
সেমিফাইনালে উঠতে বাংলাদেশের সামনে সমীকরণ ছিল পরপর দুই ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে। এর মধ্যে কোনো একটায় পা হড়কালেই ছিটকে যেতে হবে সেমির দৌড় থেকে। কাগজে-কলমে এখনো আশা টিকে থাকলেও কার্যত সেমির আশা বাংলাদেশের শেষ হয়ে গেছে ভারতের বিপক্ষে হারের পরেই। দক্ষিণ আফ্রিকাকে হারাতে তো হবেই, তাকিয়ে থাকতে হবে অন্য দলের নেট রান রেটের দিকেই। চার ম্যাচ দুই জয় ও দুই হারের পর জ্যোতিদের নেট রান রেট এখন -০.৮৪৯।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ হারায় সংকটে পড়েছিল ভারতের সেমির সমীকরণও। তবে বাংলাদেশকে হারিয়ে সেমিতে ওঠার লড়াইয়ে ভালোভাবেই টিকে রইল তারা।
রান তাড়ায় নেমে প্রথম ওভারেই ফিরতে পারতেন ফিফটি করা শেফালি। মারুফা আক্তারের করা ইনিংসের চতুর্থ বলেই ক্যাচ যায় উইকেটকিপার জ্যোতির কাছে, কিন্তু সেটা হাতে রাখতে পারেননি। জীবন পেয়েছেন ইনিংস বড় করতে না পারা স্মৃতি মান্দানাও। তৃতীয় ওভারে মারুফার বল ছুঁয়ে যায় তার ব্যাটের কানা, নিজের ডানদিকে উড়ে যাওয়া বল গ্লাভসে গলাতে পারেননি জ্যোতি। ইয়াস্তিকা ভাটিয়াও ফিরতি ক্যাচ তুলে জীবন পেয়েছেন রাবেয়া খানের বলে।
এসব ক্যাচ মিসের মাশুলই দিল বাংলাদেশ। চার রানে জীবন পেয়ে শেফালি থেমেছেন ৩৪ বলে ৫৩ রান করে। নাহিদা আক্তারের বলে স্টাম্পড হন তিনি। যদিও মাঝের ওভারে স্পিনারদের হাত ধরে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। মাঝে ২৩ বল ভারতের কেটেছে বাউন্ডারি ছাড়া। এই সময়ে দুই উইকেট নেন রিতু মনি, ইয়াস্তিকার পর পেয়েছেন ১৫ বলে ২৬ রান করা জেমিমাহ রদ্রিগেজের উইকেট। মূলত এই ইনিংসেই জয়ের বাকিটা নিশ্চিত হয়ে যায় ভারতের।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার দিলারা আক্তারের উইকেট হারালেও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি গড়েন ৫১ রানের জুটি। পাঁচ বাউন্ডারিতে ব্যক্তিগত ৩৩ রানে নন্দানী শর্মার বলে ফিরতি ক্যাচ দিয়ে জুয়াইরিয়া ফিরলে পতন ঘটে দ্বিতীয় উইকেটের।
২০ রানের ব্যবধানে সোবহানা ফেরার পর আরো চাপে পড়ে বাংলাদেশ। রাধা যাদবের বলে ফেরার আগে ২২ রান করেন এই ডানহাতি ব্যাটার। রাধা এরপর আরো দুই উইকেট নিয়েছেন। ৩২ রান করা বাংলাদেশ অধিনায়ক জ্যোতির পর তার বলে ফিরেছেন রিতু মনি। শারমিন সুপ্তা ১০ রান করে গিয়েছেন স্বেচ্ছায় অবসরে। স্বর্ণা নেমে দুই চারে পাল্টা আক্রমণ করলেও ইনিংস বড় করতে পারেননি।


