গাজায় ইসরায়েলি বিমান হামলায় আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শারিফ (২৮) ও তার চার সহকর্মী নিহত হয়েছেন। বাকি নিহতরা হলেন- সাংবাদিক মোহাম্মেদ কুরেইকেহ, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোহাম্মেদ নৌফাল এবং সহকারী মোয়ামেন আলিয়া।
আল-জাজিরা জানিয়েছে, শারিফ ও তার সহকর্মীরা গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে একটি মিডিয়া টেন্টে অবস্থান করছিলেন। সেখান থেকেই তারা সংবাদ পাঠাতেন। ওই তাবুই লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। আল-জাজিরা একে প্রেস ফ্রিডমের ওপর ‘পূর্বপরিকল্পিত হামলা’ বলে আখ্যা দিয়েছে।
মৃত্যুর কিছু আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে গাজা শহরে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণের বিষয়ে সতর্ক করেছিলেন শারিফ।
আন্তর্জাতিক সাংবাদিক সুরক্ষা সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ (সিপিজে) হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সিপিজের মধ্যপ্রাচ্যবিষয়ক পরিচালক সারা কুদাহ বলেন, গাজার সাংবাদিকরা বেসামরিক নাগরিক, তাদের লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, শারিফ হামাসের সদস্য এবং তিনি রকেট হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন। তবে সিপিজের প্রমাণ চাওয়ার পরও এ দাবির পক্ষে কোনো নিরপেক্ষ তথ্য দেয়নি ইসরায়েল।
সিপিজের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৮৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৮ জনই ফিলিস্তিনি, যারা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।


