ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও দেশে আসন্ন ঈদযাত্রায় এর কোনো প্রভাব পড়বে না এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ারও আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার সিলেট নগরীর রায়নগর দপ্তরীপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণে ১৯ নম্বর ওয়ার্ডের শ্রমজীবী পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. কামাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে কিছুটা সংকট দেখা দিতে পারে। তবে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এবং জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে।
তিনি বলেন, ‘আমরা শান্তির পক্ষে। আশা করি অচিরেই যুদ্ধ বন্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে।’
যুদ্ধ দীর্ঘায়িত হলে সরকারের পদক্ষেপ কী হবে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ সরকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার। জনগণের নিরাপত্তা ও জীবনযাত্রা স্বাভাবিক রাখতে যা যা করণীয়, সে বিষয়ে সরকার সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। এ কারণে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মুক্তাদির বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। সিলেট নগরীর বিভিন্ন সমস্যাও ধাপে ধাপে সমাধান করা হবে।
তিনি বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়ে যে দায়িত্ব দিয়েছেন, তা শতভাগ পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, আয়োজক শফিকুর রহমান সুমনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী সিলেট নগরীতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেটস্থ সুনামগঞ্জ সমিতি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।


