ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে দাফন করা হয়েছে দেশটির প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। ইসলামের শিয়া মতবাদের অনুসারীদের অন্যতম ধর্মীয় নেতা ইমাম রেজা (আ.) মাজারে শেষ জানাজার পর তাকে সমাহিত করা হয়। শেষ জানাজার নামাজে ইমামতি করেন খামেনির বড় ছেলে আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। তবে এদিনও জনসম্মুখে অনুপস্থিত ছিলেন খামেনির আরেক ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
ধারণা করা হচ্ছে, তার সিদ্ধান্তেই রাজধানী তেহরানের পরিবর্তে আয়াতুল্লাহ খামেনিকে মাশহাদে দাফন করা হয়েছে। তবে এ সিদ্ধান্ত পারিবারিক ইচ্ছাকে প্রাধান্য দেওয়া নয় বরং পুরোপুরি ধর্মীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা।
তাদের মতে, রাজধানী তেহরানের পরিবর্তে মাশহাদে দাফনের সিদ্ধান্ত কেবল একটি সমাধিস্থল নির্বাচন নয়; এটি ধর্মীয়, রাজনৈতিক ও ঐতিহাসিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ।
১৯৩৯ সালে মাশহাদেই জন্মেছিলেন আয়াতুল্লাহ খামেনি। কাজেই সেখানেই তার দাফনের সিদ্ধান্ত একদিকে যেমন দেশের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বকে তার জন্মস্থান ও ইমাম রেজার মাজারের সঙ্গে যুক্ত করবে, অন্যদিকে ইসলামি প্রজাতন্ত্রের আদর্শিক ভিত্তি হিসেবে ধর্মীয় ধারাবাহিকতার বার্তাও আরও শক্তিশালী করবে বলে মনে করেন অনেকে।
এর আগেও ইরানে কোনো সর্বোচ্চ নেতার দাফনের স্থান কখনোই কেবল ব্যক্তিগত পছন্দ বা পারিবারিক ঐতিহ্যের বিষয় হিসেবে বিবেচিত হয়নি। বরং এটি রাষ্ট্রের ধর্মীয় পরিচয়, রাজনৈতিক দর্শন ও ইতিহাসের প্রতীক।
আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদে দাফন করার মাধ্যমে শিয়া মতবাদের অনুসারীদের জন্য অন্যতম ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ শহরের সঙ্গে দেশের সর্বোচ্চ নেতৃত্বের সম্পর্ককে আরও দৃঢ় করা হলো। এই সিদ্ধান্ত ইরানের ইসলামি প্রজাতন্ত্রের আধ্যাত্মিক ভিত্তিকে নতুনভাবে তুলে ধরবে বলে ধারণা বিশ্লেষকদের।
শিয়া ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র মাশহাদ
দ্বাদশী শিয়া ইসলামে মাশহাদের গুরুত্ব অনন্য। কারণ এখানেই শিয়া মতবাদের অষ্টম ইমাম আলী ইবনে মুসা আল-রিদা ওরফে ইমাম রেজার মাজার।
শিয়া বিশ্বাস অনুযায়ী, নবম শতাব্দীর শুরুতে খোরাসান অঞ্চলে ইমাম রেজাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। তার দাফনের পর মাশহাদ ইসলামি বিশ্বের অন্যতম বৃহৎ তীর্থস্থানে পরিণত হয়। বর্তমানে প্রতি বছর ইরান, ইরাক, লেবানন, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, উপসাগরীয় দেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ-লাখ ধর্মপ্রাণ মানুষ আধ্যাত্মিক বরকতের আশায় এই মাজার জিয়ারত করতে আসেন।

শিয়া মুসলমানদের কাছে ইরাকের নাজাফ ও কারবালার মাজারগুলোর পরেই এই মাজারের মর্যাদা। সুবিশাল এই কমপ্লেক্স শুধু একটি সমাধিসৌধ নয়; এটি ধর্মীয় শিক্ষা, ইসলামি গবেষণা, দাতব্য কার্যক্রম এবং সাংস্কৃতিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। এর সোনালি গম্বুজ শিয়া ইসলামের অন্যতম পরিচিত প্রতীক।
ইমাম রেজার মাজারের কাছে সমাহিত হওয়াকে বহু ধর্মবিশ্বাসীর কাছে আধ্যাত্মিক সম্মান হিসেবে দেখা হয়। ইতিহাসজুড়ে বহু প্রখ্যাত আলেম, ধর্মীয় পণ্ডিত ও প্রভাবশালী ব্যক্তি এই মাজারের কাছাকাছি দাফন হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাদের বিশ্বাস, ইমামের সান্নিধ্যে সমাহিত হওয়া ধর্মীয় মর্যাদা ও চিরস্থায়ী স্মৃতির প্রতীক।
জন্মভূমিতে চিরনিদ্রায় শায়িত
মাশহাদ খামেনির ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক উত্থানের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে।
জন্মের পর এ শহরের ধর্মীয় শিক্ষাকেন্দ্রগুলোতেই তিনি প্রাথমিক ধর্মীয় শিক্ষা লাভ করেন। পরে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য কোমে যান। শাহবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততার সূচনা হয় মাশহাদে তরুণ আলেম থাকাকালেই। ওই সময় তিনি বিপ্লবী ধর্মীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন।
পরবর্তীতে ইসলামি বিপ্লবের অন্যতম প্রধান নেতা হিসেবে আত্মপ্রকাশও করেন এ শহর থেকেই। ফলে নিজ শহরে তার দাফন ব্যক্তিগত জীবন, ধর্মীয় প্রতীকী অর্থ এবং জাতীয় পরিচয়- এই তিন ক্ষেত্রকে একসূত্রে গেঁথেছে।
যে শহর থেকে এক তরুণ ধর্মতত্ত্বের শিক্ষার্থীর যাত্রা শুরু, যেখানে ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হিসেবে আত্মপ্রকাশ, শেষ পর্যন্ত সেই শহরেই ফিরে আসা… এ যেন মৃত্যুর পর জীবনের এক প্রতীকী পূর্ণতা।
ইরানের রাজনৈতিক সংস্কৃতিতে জন্মস্থান, ধর্মীয় শিক্ষা এবং আলেম পরিবারের উত্তরাধিকার এখনো বৈধতা ও গ্রহণযোগ্যতার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হয়। ফলে এই প্রতীকী তাৎপর্যও বিশেষ গুরুত্ব বহন করে।
ইমাম রেজার উত্তরাধিকার
ইমাম আলী ইবনে মুসা আল-রিদা ওরফে ইমাম রেজার গুরুত্ব কেবল ধর্মীয় পরিসরে সীমাবদ্ধ নয়। বর্তমান ইরানের ভূখণ্ডে সমাহিত একমাত্র শিয়া ইমাম হওয়ায় তিনি দেশটির ধর্মীয় পরিচয়ের কেন্দ্রে অবস্থান করেন। ইতিহাসজুড়ে বিদেশি আগ্রাসন, রাজনৈতিক অস্থিরতা ও জাতীয় সংকটের সময় তার মাজার মানুষের ঐক্যের প্রতীক হিসেবে কাজ করেছে।

ইরানের বিভিন্ন রাজবংশই এই মাজার সম্প্রসারণে ব্যাপক বিনিয়োগ করেছে। কারণ তারা জনজীবনে এর গভীর প্রভাব সম্পর্কে সচেতন ছিল। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর মাজারটি ইসলামি প্রজাতন্ত্রের ধর্মীয় বয়ানের আরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।
তাই ইমাম রেজার মাজারের কাছে খামেনির দাফন তার উত্তরাধিকারকে ইরানের সবচেয়ে স্থায়ী ও প্রভাবশালী ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করবে। একই সঙ্গে এটি দেশের ধর্মীয় নেতৃত্ব এবং অষ্টম ইমামের উত্তরাধিকারের মধ্যে ধারাবাহিক সম্পর্কের ধারণাকে আরও শক্তিশালী করবে।
রুহুল্লাহ খোমেনির দাফনের স্থান থেকে ভিন্ন
ইরানের ইসলামি বিপ্লবের অন্যতম নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে অবশ্য মাশহাদে দাফন করা হয়নি।
১৯৮৯ সালে তার মৃত্যুর পর তাকে তেহরানের দক্ষিণ উপকণ্ঠে দাফন করা হয়। তার সমাধিস্থল ঘিরে গড়ে উঠেছে ইসলামি প্রজাতন্ত্রের অন্যতম বৃহৎ জাতীয় স্মৃতিসৌধ। তার মৃত্যু বার্ষিকী ঘিরে প্রতি বছর স্মরণানুষ্ঠানে সেখানে লাখো মানুষ সমবেত হন।
খোমেনির সমাধিস্থল তার ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে ভূমিকার প্রতীক। কোনো নির্দিষ্ট মাজারের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিবর্তে তার সমাধিসৌধ বিপ্লবী ইরানের জন্মের স্মারক হিসেবে গড়ে উঠেছে।
অন্যদিকে খামেনির মাশহাদে দাফন বিপ্লবের প্রতীকী অর্থের পাশাপাশি ধর্মীয় ধারাবাহিকতার দিকটিকেই বেশি গুরুত্ব দেয়
ধর্মীয় ঐতিহ্যের আবরণে রাজনৈতিক বার্তা
ইরানের ইতিহাসে সমাধিস্থল প্রায়ই সমষ্টিগত স্মৃতির কেন্দ্রে পরিণত হয়।
আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদে দাফন করার মাধ্যমে শহরটি ইসলামি প্রজাতন্ত্রের সমর্থকদের কাছে জাতীয় স্মৃতিচিহ্নের পাশাপাশি আন্তর্জাতিক তীর্থস্থান হিসেবেও নতুন মাত্রা পেতে পারে। রাষ্ট্রীয় অনুষ্ঠান, ধর্মীয় স্মরণসভা এবং বিদেশি প্রতিনিধিদের সফরের মাধ্যমে ইরানের রাজনৈতিক পরিসরেও মাশহাদের গুরুত্ব আরও বাড়তে পারে।

এই সিদ্ধান্ত দ্বাদশী শিয়া ইসলামের প্রধান অভিভাবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার ইরানের দীর্ঘদিনের প্রচেষ্টাকেও আরও জোরালো করতে যাচ্ছে। ইমাম রেজার মাজারের সঙ্গে দেশের সর্বোচ্চ নেতৃত্বকে যুক্ত করার মাধ্যমে তেহরান বৃহত্তর শিয়া বিশ্বের ধর্মীয় নেতৃত্বের দাবিকেও নতুন করে তুলে ধরবে বলে মনে করা হচ্ছে।
খামেনির শেষ আশ্রয়স্থল কেবল একটি সমাধি নয়
কোনো দেশের সর্বোচ্চ নেতার সমাধিস্থল প্রায়ই সেই রাষ্ট্রের সংরক্ষণ করতে চাওয়া মূল্যবোধের প্রতিফলন হয়ে ওঠে।
আয়াতুল্লাহ আলী খামেনির মাশহাদে দাফনের মাধ্যমে শুধু তার জন্মস্থানকেই সম্মান জানানো হয়নি; এর মাধ্যমে ইমাম রেজার স্থায়ী গুরুত্ব পুনর্ব্যক্ত হওয়ার পাশাপাশি শিয়া মতবাদের অন্যতম নগরী হিসেবে মাশহাদের মর্যাদা আরও সুদৃঢ় হয়েছে। সেইসঙ্গে ধর্ম, ইতিহাস ও রাষ্ট্রচিন্তা এক শক্তিশালী প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
ঠিক যেমন তেহরানে আয়াতুল্লাহ খোমেনির সমাধিসৌধ ইসলামি প্রজাতন্ত্রের জন্মের প্রতীক হয়ে উঠেছে, তেমনি মাশহাদে খামেনির সমাধি- ইরানের ধর্মীয় নেতৃত্বের ধারাবাহিকতা এবং ইমাম রেজার উত্তরাধিকারের সঙ্গে তার অবিচ্ছেদ্য সম্পর্কের প্রতীকের বার্তা বহন করবে।
এর মাধ্যমে মাশহাদ শুধু একটি তীর্থনগরীই নয়, আধুনিক ইরানের সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজনের চিরনিদ্রার স্থান হিসেবেও ইতিহাসে স্থান করে নেবে।
সূত্র: ইন্ডিয়া টুডে


