চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারচড়া ইউনিয়নের আলাদা আলাদা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- বাহারচড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে আশিক এবং একই ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা মিরাজ।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্র জানায়, সকালে দুই শিশু নিজ নিজ বাড়ির উঠানে বের হয়। এ সময় পূর্ব দিক থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতে তারা ভেসে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এদিকে দুই শিশুর মৃত্যুর খবরে তাদের পরিবারে শোকের মাতম নেমে আসে। প্রতিবেশীরাও ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে মন্তব্য করেন।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বাহারচড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। ঝুঁকিতে পড়েছেন আশপাশের বাসিন্দারা।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ‘পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
একই সঙ্গে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বন্যা ও পাহাড়ি ঢলের সময় শিশুদের নিরাপদ স্থানে রাখার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।


