সিলেটের বিয়ানীবাজারে প্রেমঘটিত বিরোধের জেরে বাবার দায়ের কোপে রায়কা আক্তার রিয়া (১৭) নামে এক কিশোরী নিহত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের সময় উপজেলার ইনাম গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রিয়া গোলাপগঞ্জ উপজেলার উত্তর রায়গড় এলাকার আবু বক্করের মেয়ে। ঘটনার পর থেকে অভিযুক্ত পিতা পলাতক রয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকার এক যুবকের সঙ্গে রিয়ার প্রেমের সম্পর্ক ছিল। রিয়া অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বাবা আবু বক্কর বিষয়টি মেনে নেননি। পরিবারের বাধা উপেক্ষা করে প্রায় এক বছর আগে রিয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। বিয়ের তিন-চার মাস পর শ্বশুরবাড়ির পারিবারিক সমস্যার কারণে স্বজনরা তাকে ফিরিয়ে আনেন। এরপর থেকে তিনি বিয়ানীবাজারের ইনাম গ্রামে নানাবাড়িতে থাকতেন।
পরিবারের সদস্যরা জানান, দুদিন আগে রিয়া আবারও প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্বজনরা তাকে ফিরিয়ে আনলে পরিবারে উত্তেজনা সৃষ্টি হয়। আজ জুমার নামাজের সময় রিয়া পুকুরঘাটে থালাবাসন ধুতে যান। সেখানে তার বাবা আবু বক্কর ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলেই রিয়ার মৃত্যু হয়।বিয়ানীবাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করে মর্গে পাঠায়।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত বিরোধ ও পারিবারিক ক্ষোভের জেরে বাবা তার মেয়েকে হত্যা করেছেন। অভিযুক্ত পিতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


