ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে দেশে ফেরার ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলের নেতা শফিকুর রহমান।
তিনি বলেছেন, ‘হাসিনা তো বলেছিলেন দেশ ছেড়ে তিনি কোথাও যাবেন না। তিনি গিয়েছেন কি না, গিয়েছেন তো? এখন তিনি বলছেন আসবেন, আসলে তিনি আসবেন না।’
শুক্রবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘সবাই মিলে যেন আমরা দেশটাকে সুন্দর করতে পারি। আমরা যেন দুর্নীতিমুক্ত, স্বচ্ছ দেশ গড়তে পারি, যেটা হবে মানবিক দেশ। এটাই জাতির কাছে আমাদের প্রত্যাশা।’
এদিন সকালে জামায়াত আমির দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী ও চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতি সরাসরি পরিদর্শন করেন। একই সঙ্গে তিনি ত্রাণ বিতরণ করেন। পরে বিকালে তিনি ঢাকা ফিরে যান।
উল্লেখ্য, শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, আগামী ডিসেম্বরে ভারত থেকে দেশে ফিরে তিনি আত্মসমর্পণ করবেন। তার দলের জ্যেষ্ঠ নেতারাও দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে ফেরার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকির কথাও স্বীকার করেন। তিনি বলেন, ‘ফিরলে তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি হত্যাও করতে পারে। তবুও আমাকে যেতে হবে।’


