মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে একটি বাড়ি থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাংনী থানার কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, চরগোয়াল গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলামের বাড়ির ভেতরে লাল স্কচ টেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান পরিবারের সদস্যরা। বস্তুটি বোমা হতে পারে এমন আশঙ্কায় তারা আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে বস্তুটি উদ্ধার করেন। পরে সেটিকে পানি ও বালুভর্তি একটি পাত্রে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা ভয়ভীতি সৃষ্টি বা কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বোমা সদৃশ বস্তুটি বাড়িতে রেখে যেতে পারে। তবে এটি কার্যকর বিস্ফোরক ছিল কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিস মোর্শেদ চৌধুরী বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী উদ্দেশ্যে বোমা সদৃশ বস্তুটি সেখানে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


