নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষের এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন আপেল মাহমুদ (২৫), আলেফা বিবি (৫০) ও আব্দুল মতিন শাহ (৪০)। নিহত ব্যক্তির নাম আব্দুল হামিদ (৬৫)। তিনি ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত মেহের আলী শাহের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হামিদের সঙ্গে শরিকানা জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী হায়দার আলী শাহের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে। রোববার সকালে হায়দার আলী শাহের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিবাদমান জমিতে হালচাষ করতে যান। এ সময় আব্দুল হামিদ বাধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সন্ধ্যায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহত আব্দুল হামিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


