ইরান যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করে, তবে হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র অবিলম্বে ইরানে আঘাত হানবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ার দেন।
ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধের অনেক আগে থেকেই ব্যাপক সামরিক ব্যবস্থা নিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।
ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের দিকে এক হাজার ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে। ইরান সরকার যদি তাদের হুমকি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে অর্থাৎ আমাকে হত্যা বা হত্যাচেষ্টার পদক্ষেপ নেয়, তাহলে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র তাদের দিকে তাৎক্ষণিকভাবে নিক্ষেপ করা হবে।’
ট্রাম্প বলেন, ‘এরইমধ্যে মার্কিন সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বছরের জন্য, প্রয়োজনে সময় বাড়ানোর সুযোগ রেখে, ইরানের সব এলাকা সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিহ্ন করার জন্য প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালালে তাতে নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। এর চার মাসেরও বেশি সময় পর গত ৯ জুলাই ইরানের মাশহাদে সর্বোচ্চ সম্মানের সঙ্গে খামেনিকে দাফন করা হয়।
এর আগে প্রায় পাঁচদিন ব্যাপী ইরান ও ইরাকের বিভিন্ন শহরে আয়াতুল্লাহ খামেনির মরদেহ নিয়ে শোক মিছিলের আয়োজন করা হয়। সেখানে প্রিয় নেতাকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যার হুমকি দেন খামেনির ক্ষুব্ধ সমর্থকরা।
‘আমেরিকার মৃত্যু হোক’, ‘ইসরায়েলের মৃত্যু হোক’, ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’ স্লোগানে মুখরিত হয় সেসব শোক মিছিল।
এ পরিপ্রেক্ষিতেই ইরানকে নতুন করে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সূত্র: আল জাজিরা


