ঢাকার হাজারীবাগে ছুরিকাঘাতে এক স্কুল ছাত্রীকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সিয়ামকে (১৯) গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলাবাগানের কাঁঠাল বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ–পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকু, ঘটনার সময় পরিহিত নিহতের রক্তমাখা পোশাক এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগ থানার চরকঘাটার সামনে পাকা রাস্তায় রায়ের বাজার হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তিকে (১৪) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়।
পরে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় বিন্তিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে সিকদার মেডিকেল হাসাপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিন্তির বাবা মো. বিল্লাল হোসেন হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার পর হাজারীবাগ থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সিয়াম ওরফে ইমনের অবস্থান শনাক্ত করে। পরে সকালে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম বিন্তিকে ছুরিকাঘাতের কথা স্বীকারও করেছে বলে জানিয়েছে হাজারীবাগ থানা পুলিশ।


