রাজধানীর বনানী থানায় জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মো. শাহজাহান নামে এক ব্যক্তির হত্যা মামলায় বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানিয়েছেন। এদিন সকালে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মো. ইয়াছির আরাফাত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আদালতে ওঠানোর সময় আসামিদের প্রত্যেকের মাথায় হেলমেট এবং বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল।
মামলার অভিযোগে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার বনানী থানাধীন মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেন মো. শাহজাহান।
এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে। শাহজাহান বুকে ও পেটে দুটি গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তিনি চার দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় ১৮ ডিসেম্বর, ভিকটিমের মা সাজেদা বনানী থানায় ৯৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন।


