চট্টগ্রামের সীতাকুণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. শামীম (৪০) সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায়।
এ ঘটনায় পুলিশ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে, তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশের দাবি, এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে।
নিহতের ভাই মোহাম্মদ সেলিম জানান, বুধবার রাতে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন শামীম। রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন ব্যক্তি তাকে সেখান থেকে ডেকে বেড়িবাঁধ এলাকায় নিয়ে যায়। পরে তাকে বেধড়ক মারধর ও কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা করা হয়।
প্রায় ১৫ দিন আগে স্থানীয় ইরান নামের এক ব্যক্তির সঙ্গে তার ভাইয়ের বিরোধ হয়েছিল বলেও জানান তিনি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করার পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটা কোনও রাজনৈতিক ঘটনা না। তদন্ত শুরু হয়েছে এবং দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।


