সিরাজগঞ্জে স্কুলব্যাগে ৪৪ বোতল ফেনসিডিল বহনের দায়ে মো. বকুল মিয়া (২৯) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত বকুল মিয়া দিনাজপুরের ঘোড়াঘাট থানার কৃষ্ণপুর মরিচা গ্রামের মো. মোনতাজের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের হাটিকামরুল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় দিনাজপুর থেকে নারায়ণগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। বাসটির যাত্রী বকুল মিয়ার স্কুলব্যাগ থেকে ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন অভিযানকারীরা।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।


