সাভারের উলাইল ও হেমায়েতপুরে আবারও আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। এসময় নুন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকরা অন্তত ১ ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে।
পুলিশ জানায়, সকালে বিভিন্ন গার্মেন্টস থেকে এসে কয়েকশ শ্রমিক ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আল-মুসলিমের গার্মেন্টে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে পুলিশ পাল্টা টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় এক ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকে।
সংঘর্ষের ঘটনার পর ওই এলাকায় পুরো থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়া সাভারের হেমায়েতপুরেও পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফার সংঘর্ষ হয়েছে। সকাল থেকে মহাসড়কে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা সতর্ক রয়েছেন। তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এই বিক্ষোভ ঘিরে সংঘর্ষেরও খবর পাওয়া যাচ্ছে।


