ঢাকার আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে চীন মৈত্রী সিগন্যালে ফের সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে এসে তারা সড়কে অবস্থান নেন। এতে বিজয় সরণি থেকে আগারগাঁওগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সড়ক অবরোধের পাশাপাশি বুধবার শেরেবাংলা নগরে অবস্থিত গণপূর্ত কমপ্লেক্সের সামনে কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশন্স) মাসুদ রানা বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ সরকারের সচিবালয় পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।


