ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুর এলাকায় বুধবারও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে, পল্লবীতে বিভিন্ন পোশাক কারখানার সামনে জড়ো হওয়া শ্রমিকদের সরিয়ে দিচ্ছে পুলিশ।
এদিন সকালে মিরপুরের পূরবী সিনেমা হলের গলিতে অবস্থিত কয়েকটি পোশাক কারখানার সামনে শ্রমিকদের জড়ো হতে দেখা যায়। পরে সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশের ব্যাপক উপস্থিতি থাকলেও সেখানে পোশাক শ্রমিকদের চোখে পড়েনি।
সকালে পল্লবী থানাধীন কয়েকটি কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ সেখানে গিয়ে তাদের সরিয়ে দেয়। সেখানেও শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানিয়েছেন, ‘মিরপুরে শ্রমিকদের আন্দোলন নিয়ে আজ কোনো সমস্যা নেই। মিরপুর মডেল থানাধীন এলাকায় মোট আটটি পোশাক কারখানা রয়েছে। সাতটি চালু ছিল। একটি কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ রেখেছিল। ডিসি স্যার তাদের বোঝানোর পর আজ সকাল থেকে তারা কাজ শুরু করেছেন।’
গত কয়েকদিনের মতো আজও সকাল থেকে মিরপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।


