শিল্পাঞ্চল আশুলিয়ায় বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ এবং কর্মবিরতি চলছে। এ সময় বেশ কয়েক স্থানে দফায় দফায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ এবং ইট-পাটকেল বিনিময় হয়েছে। মঙ্গলবার এই শিল্প এলাকায় দুই শতাধিক গার্মেন্ট কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে শিল্পাঞ্চলের সব পোশাক কারখানার শ্রমিকরা স্বাভাবিক দিনের মতো কাজে যোগ দেন। এ সময় নিশ্চিন্তপুর এলাকার নিউএজ কারখানাসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন শুরু করেন। পরে ওই এলাকার অনন্ত এপারেলস, টাউজার লাইন, হনরোল, আল মুসলিম, শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ, বেঙ্গল গ্রুপসহ বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ।
পরে শ্রমিকরা অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা হামিম ও নিউএজ গ্রুপের সামনে বিক্ষোভ করতে গেলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেমে থেমে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে।
শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মুমিনুল ইসলাম ভুঁইয়া জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের নৈরাজ্য ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশ সচেষ্ট রয়েছে।
এদিন সাভারের অংশের শিল্প কারখানাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কারখানাগুলোতে উপস্থিত শ্রমিক সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম।


