রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকর্তাদের সততা, পেশাদারত্ব ও সেবামুখী মানসিকতা নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব।
করদাতাদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার পাশাপাশি রাজস্ব আদায় বাড়ানোই বর্তমান এনবিআরের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর এনবিআর ভবনের মাল্টিপারপাস হলে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী কর কমিশনারদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেস) অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
নবীন কর্মকর্তাদের উদ্দেশে আহসান হাবিব বলেন, সরকার তাদের যে ক্ষমতা ও সুযোগ দিয়েছে, তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। চ্যালেঞ্জ গ্রহণ করাই জীবনের সবচেয়ে বড় সাহস। এনবিআরের প্রতিটি সিদ্ধান্ত কোনো একক ব্যক্তির নয়, বরং সম্মিলিত সিদ্ধান্ত। তাই প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতাদের অটোমেশন ও অনলাইন সেবার আওতায় আনার ফলে হয়রানি ও অনিয়ম উল্লেখযোগ্যভাবে কমেছে। গত অর্থবছরে প্রায় ৫০ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। চলতি অর্থবছরে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, রাজস্ব আদায়ের ক্ষেত্রে কর্মকর্তাদের শতভাগ সততা ও পেশাদারত্ব বজায় রাখতে হবে। করদাতাদের সঙ্গে সেবামূলক আচরণ এবং হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে রাজস্ব আহরণ বাড়াতে হবে।
অনুষ্ঠানে বিসিএস (ট্যাক্সেস) অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ নেতারা, এনবিআরের সদস্য এবং সদ্য যোগদানকারী সহকারী কর কমিশনাররা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে নবীন কর্মকর্তাদের সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।


