সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের স্ত্রী নাদিরা মাহমুদের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর তার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এসব তথ্য জানিয়েছেন।
দুদকের আবেদনে বলা হয়, মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি নাদিরা মাহমুদের মূল আয়কর নথির শুরু থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র এবং তথ্য জব্দ করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে।
এর আগে, গত বছরের ৮ এপ্রিল নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও তার স্ত্রী মিসেস নাদিরা মাহমুদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দুদক।
মামলার বিবরণে বলা হয়, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ক্ষমতার অপব্যবহার করে ৭ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ১২৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। এ ছাড়াও নিজ নামে ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৩টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১০২ কোটি ২ লাখ ৬৭ হাজার ৪৩ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের স্ত্রী নাদিরা মাহমুদ স্বামীর ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন।


