চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিবকে আটক করেছে পুলিশ। আটক খায়রুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া উইং থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, জিজ্ঞাসাবাদের জন্য সজীবকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী সাংবাদিকদের জানান, রোববার দুপুরে ডিবি পুলিশের সহযোগিতায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সজীবের বাসা থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এরপর বিকালে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে নেওয়া হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সজীবের বিরুদ্ধে তারা চাঁদাবাজির বেশ কিছু অভিযোগ পেয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার পর তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। সজীব এ সময় পুলিশকে সহযোগিতা করেন বলেও জানান তারেক আল মেহেদী।
নারায়ণগঞ্জ এসপি অফিসে এক ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সজীবকে ডিএমপির ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তবে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানাননি অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।


