সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রতিবেশী দাদা ও নাতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে তালা উপজেলার তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের খোকন ফকিরের ছেলে মোটরসাইকেল চালক নাসিম ফকির (৩৬) এবং একই গ্রামের হাফিজুল ফকিরের ছেলে মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান (১৮)। সম্পর্কে তারা প্রতিবেশী দাদা ও নাতি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে নাসিম তার খামারের জন্য মাছ আনতে চুকনগরের উদ্দেশে রওনা হয়েছিলেন। মোটরসাইকেলে তার সঙ্গে আরোহী হিসেবে ছিলেন নাতি মেহেদী। পথে তেঁতুলিয়া এলাকায় পৌঁছালে চুকনগর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি পিকআপের নিচে চলে যায় এবং ঘটনাস্থলে চালক নাসিমের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন আরোহী মেহেদী।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কের ওপর থেকে নাসিমের মরদেহ উদ্ধার করে। অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত মেহেদীকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তারও মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নাসিমের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরোহী মেহেদী হাসানের মৃত্যুর বিষয়টি তার পরিবার নিশ্চিত করেছে। হাসপাতালে মৃত্যুর কারণে মেহেদীর ময়নাতদন্ত সেখানেই সম্পন্ন হবে বলে জানান তিনি।


