চট্টগ্রামের বোয়ালখালীতে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ এবং বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একই পরিবারের নারীসহ সাতজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্দার পাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সদীপ সর্দার (৫০), পূর্ণিমা সর্দার (৪৮), নিলয় সর্দার (১৭), দীপন সর্দার (২৬), চুমকি সর্দার (৩৪), সুজন সর্দার (৩৭) ও খোকন সর্দার (৩৭)।
স্থানীয় বাসিন্দা রুপন সর্দার জানান, এক ভাইয়ের ঘরের চালা থেকে বৃষ্টির পানি অন্য ভাইয়ের ঘরে পড়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এর সঙ্গে আগে থেকে চলা জায়গা-সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিকুঞ্জ সর্দারের ছেলে সদীপ সর্দারের সঙ্গে তার ভাই সুধীর সর্দারের ঝগড়া বাধে। একপর্যায়ে সুধীর সর্দার, তার স্ত্রী পলি সর্দার এবং ভাইপো রিপন সর্দার ধারালো ধামা নিয়ে সদীপ সর্দারের পরিবারের ওপর হামলা চালান। এতে সদীপের পরিবারের সদস্যরা আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে, তবে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


