নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে প্রধান অভিযুক্ত ইসরাত রায়হান অমিকে আটক করেছে পুলিশ।
শনিবার হাতিয়ার নন্দ রোড থেকে রাত ১১টার দিকে অভিযুক্তকে গ্রেপ্তার করে হাতিয়া থানা পুলিশ। আটক ইসরাত রায়হান অমি হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে।
থানাসূত্রে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে আবদুল হান্নান মাসউদের চাচা ও জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে উল্লেখ করা হয়, ‘ইসরাত রায়হান অমি’ এবং ‘রুপক নন্দী’ নামের দুটি ফেসবুক আইডি থেকে হান্নান মাসউদ ও তার সহযোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
হুমকি দেওয়া সেই মেসেজ সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে পড়লে বিষয়টি আইন শৃঙ্খলাবাহিনীর নজরে আসে।
এই ঘটনায় অমি ছাড়াও আরও ছয়জনের নাম জিডিতে উল্লেখ করা হয়। অন্য অভিযুক্তরা হলেন- রুপক নন্দী (২৫), সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ (৪৬) প্রেম লাল (২৫) নুর হোসেন রহিম (২৬), বাবুলাল (৩২) ও ওমর ফারুক (৩২)৷
হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, জিডি হওয়ার পর থেকেই তারা বিষয়টি তদন্ত শুরু করেন। হুমকির স্ক্রিনশটগুলো যাচাই-বাছাই শেষে অভিযুক্ত অমিকে আটক করা হয়েছে। মামলার অন্য অভিযুক্তদের বিষয়েও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


