সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল সরকার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী কামরুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানিতে আসামিপক্ষে আইনজীবী কামরুল হোসেন, আব্দুর রহিম ও মাহবুব হোসেন রিমান্ড বাতিলের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

এর আগে শনিবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে।

মামলার এজাহারে বলা হয়, গত ১৮ জুন সকাল পৌনে ১০টার দিকে মহাখালী বাস টার্মিনালসংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীদের নিয়ে নূর মোহাম্মদ ৩০-৩৫ জন সহযোগীসহ একটি মিছিল করেন। এ সময় তারা রাষ্ট্রবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল, ব্যানার, প্ল্যাকার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তারের পর প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে নূর মোহাম্মদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। মামলার অন্যান্য পলাতক আসামিকে গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad