শ্রমিকদের কল্যাণে গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বাৎসরিক লভ্যাংশের চেক হস্তান্তর করেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান এপিএল (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেড এবং ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।
প্রতিষ্ঠান দুটি শ্রম আইন অনুযায়ী তাদের বাৎসরিক লভ্যাংশের শূন্য দশমিক ৫ শতাংশ হারে এই অর্থ দেয়। সে হিসেবে এপিএল দিয়েছে ১ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৪৯৪ টাকা এবং ম্যারিকো ৩ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার ৭১৮ টাকা।
বুধবার শ্রম ও কর্মসংস্থান দপ্তরে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের কাছে এ চেক হস্তান্তর করা হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চেক হস্তান্তর করেন এপিএল এবং ম্যারিকোর কর্মকর্তারা।

এ সময় উপদেষ্টা বলেন, ‘শ্রমিকদের সার্বিক কল্যাণে করপোরেট প্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই আর্থিক সহায়তা প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘এই অর্থ দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং জরুরি চিকিৎসা সেবা দিতে ব্যবহার করা হবে।’
অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা উপদেষ্টাকে বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়তা করতে পেরে তারা গর্বিত এবং ভবিষ্যতে এ ধরনের কাজে তাদের সাহায্য অব্যাহত থাকবে।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে থাকে। বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের লাভের একটি নির্দিষ্ট অংশ এই তহবিলে জমা করে, যা শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়।


