রাজধানীর রূপনগরের দুয়ারীপাড়া থেকে ছয় বছর বয়সী শিশু বায়জিদকে অপহরণের ঘটনায় জড়িত চক্রের মূলহোতা তহুরা বানু লিপিকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)।
বৃহস্পতিবার এসআরবি-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার খাঁ-পাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তহুরা বানুকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, গত ১৮ সেপ্টেম্বর রূপনগরের দুয়ারীপাড়া এলাকায় নিজ বাসা থেকে অপহৃত হয় শিশু বায়জিদ। ঘটনার পরপরই শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তারে ছায়াতদন্ত শুরু করে এসআরবি-৪।
তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, অপহরণের পর শিশুটিকে প্রায় দেড় কিলোমিটার দূরের একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে আরেকটি সিসিটিভি ফুটেজে তহুরা ও আরেক অভিযুক্ত নাসরিনকে শিশুটির হাত ধরে নিয়ে যেতে দেখা যায়।
এসআরবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তহুরা জানিয়েছে, শিশুটিকে বিক্রির উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল। তারা বিভিন্ন নিঃসন্তান দম্পতির কাছে শিশুটিকে বিক্রির চেষ্টা করলেও বয়স বেশি হওয়ায় তা সম্ভব হয়নি। পরে তহুরার পরামর্শে নাসরিন শিশুটিকে অন্যত্র নিয়ে যান।
তদন্তসংশ্লিষ্টরা জানান, শিশুটিকে বিক্রির চেষ্টা চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হলে নাসরিন ও তহুরা শিশুটিকে টঙ্গী এলাকার একটি রাস্তায় ফেলে পালিয়ে যান। পরে এসআরবি-৪ শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় জড়িত কুসলুম নামে আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তহুরার অবস্থান শনাক্ত করে এসআরবি-৪ ও এসআরবি-১-এর যৌথ দল টঙ্গী পশ্চিম থানার খাঁ-পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।


