বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রোগ্রামের পাশাপাশি গ্র্যাজুয়েটদের চাকরির বাজার উপযোগী কারিগরি, প্রযুক্তি ও ভাষাগত দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন দেশের শিক্ষাবিদ ও গবেষকরা।
এ ছাড়া শিল্প ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে সময়োপযোগী নীতি কাঠামো প্রণয়ন ও পাঠ্যক্রম হালনাগাদের ওপরও তারা গুরুত্ব দেন।
বুধবার রাজধানীর একটি হোটেল আয়োজিত দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন থেকে এসব আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় ‘উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপরেখা: গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা’ শীর্ষক আলোচনা সভায় আয়োজন করা হয়।
এ সময় যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ মোট ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
দেশের উচ্চশিক্ষাকে নতুন উচ্চতায় উন্নীত করা এবং সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশন নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় বক্তরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠানের সম্পর্ক জোরদার এবং শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের জনবলের দক্ষতা চাহিদা নিরূপণের জন্য প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি রিলেশনস অফিসার নিয়োগ দেয়ার পরামর্শ দেন। তারা বিশ্ববিদ্যালগুলোতে ইন্ডাস্ট্রি পার্ক ও সায়েন্স পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সম্মেলনে ‘উচ্চশিক্ষার ভবিষ্যৎ পথরেখা: সহযোগিতা এবং নেটওয়ার্কিং’ শীর্ষক সেশনে সভাপতিত্ব করেন বিশ্ব ব্যাংকের প্রাকটিস ম্যানেজার কিকো ইনোউ; নিউ এজ সম্পাদক নূরুল কবীরের সভাপতিত্বে ‘উচ্চশিক্ষা রূপান্তরে অংশীজনের সঙ্গে সংলাপ: সুশীল সমাজের কণ্ঠস্বর’ শীর্ষক সেশনে বক্তব্য দেন বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম; এবং ইউজিসি সদস্য মোহাম্মদ তানজীমউদ্দিন খানের সভাপতিত্বে ‘উপাচার্যদের সঙ্গে সংলাপ: হিট প্রকল্পের প্রেক্ষাপট’ শীর্ষক দিনের সর্বশেষ সেশনে সূচনা বক্তব্য দেন হিট প্রকল্পের পরিচালক আসাদুজ্জামান।
এ ছাড়া দিনব্যাপী বিভিন্ন সেশনে অংশ নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মোহাম্মদ আইয়ুব ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হান্নান চৌধুরী এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম আব্দুল আওয়াল, আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক তাহমিদ আহমেদ এবং পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন ল্যাঙ্গুয়েজেস এর রেক্টর মেজর জেনারেল (অব.) শহীদ কায়ানি।


