২০১৫ পর মাহিকে জাজ মাল্টিমিডিয়ার কোনো সিনেমায় দেখা যায়নি। নানান সময়ে জনপ্রিয় এ নায়িকাকে প্রযোজনা সংস্থাটিকে ফিরে আসার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে এবার মাহি এবং জাজ যৌথভাবে ঘোষণা করলো তারা একসঙ্গে ‘আন্তর্যামী’ করছেন। সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির।
মাহির সিনেমায় ফেরার খবরটি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
তিনি জানিয়েছেন, লেডি অ্যাকশন সিনেমা দিয়ে মাহিয়া মাহি ফিরছেন। সিনেমার গল্প এগোবে মাহি ও একটি ৯ বছরের শিশুকে কেন্দ্র করে। এতে কোনো নায়ক থাকবে না।
আব্দুল আজিজ বলেন, “অগ্নি ২’ সিনেমার গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে ‘অন্তর্যামী’-এর গল্প। পুরো সিনেমাটিই মাহি ও একটি শিশুকে কেন্দ্র করে। এটা হবে সারভাইভাল গল্প, এতে ‘অগ্নি’-র চেয়েও ভয়ংকর অ্যাকশন থাকবে। আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু করব এবং সে বছরই প্রেক্ষাগৃহে মুক্তি দেবো।”
তিনি জানান, মাহির সঙ্গে গত মাসে ছবিটি নিয়ে আলাপ হয়েছে। মাহিকে নতুনভাবে উপস্থাপন করবেন তারা।
জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি তে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর থাইল্যান্ড এবং সবশেষে বাংলাদেশে এর শুটিং হবে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব।
২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ দিয়ে সিনেমায় অভিষেক হয় মাহিয়া মাহির। এরপর প্রতিষ্ঠানটিতে একে একে করেন ‘অগ্নি’, ‘অগ্নি ২’ এর মত জনপ্রিয় সিনেমা।


