মাস দুয়েক আগে টাইমস অব বাংলাদেশ সংবাদ প্রকাশ করেছিলো রেদওয়ান রনির ‘দম’-এর নায়িকা হচ্ছেন পূজা চেরী। তখন প্রযোজনা সংস্থা কিংবা পরিচালকের তরফ থেকে এ খবরটি নিশ্চিত করা না হলেও এবার নিশ্চিত করা হয়েছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান, আলফা আই সূত্রে খবরটি নিশ্চিত হওয়া গেছে।
অক্টোবরের শেষের দিকে কাজাখস্তান থেকে শুরু হচ্ছে সিনেমার শুটিং। যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি।
একটি সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মিত হবে। রনি বলেন, ‘এটিকে বলতে পারেন টিকে থাকার লড়াইয়ের গল্প। এতে কিছুটা আন্তর্জাতিক কানেকশন আছে। যেটি আমরা পরে আনুষ্ঠানিকভাবে জানাবো। আরেকটু যদি বলি, তাহলে বলবো সাধারণ মানুষের মধ্যে যে শক্তি রয়েছে সে শক্তির গল্প তুলে আনা হচ্ছে ছবিটিতে।’
আগামী বছরের ঈদুল ফিতরকে টার্গেট করে ছবিটি বানানো হবে। তাহলে শুটিং কবে শুরু হবে? আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা দম করছি, ছবিটি হচ্ছে এটা নিশ্চিত করতে পারি। কিন্তু কবে শুটিং বা চঞ্চল ছাড়া অন্য কাস্টিং কারা তা মন্তব্য করার সময় মনে হয় এখনও হয়নি।’
সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো।


