বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে মানানসই ‘ডেটা ড্রাইভেন জেনারেটিভ এআই’ তৈরির জন্য বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রতি আহ্বান জানান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য মো. সাইদুর রহমান।
তিনি বলেন, ‘বাংলাদেশ ”ডেটা ড্রাইভেন জেনারেটিভ এআই” ব্যবহারের ক্ষেত্রে পিছিয়ে আছে। তাই দেশের উপযোগী ”ডেটা ড্রাইভেন জেনারেটিভ এআই” তৈরিতে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এগিয়ে আসতে হবে। তবে আমাদের ভাষা, ধর্ম, সংস্কৃতির সঙ্গে যেন কোনো কিছুর সংঘাত না হয় সেই বিষয়টি বিবেচনায় রাখতে হবে।’
বুধবার ইউজিসিতে আয়োজিত ‘জেনারেটিভ এআই ফর প্রোডাক্টিভিটি অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। ইউজিসির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ এবং বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন) এই কর্মশালার আয়োজন করছে।
এ সময় ইউজিসি সচিব ফখরুল ইসলাম বলেন, ‘মানুষের চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতা উচ্চপর্যায়ে নিয়ে যেতে হলে জেনারেটিভ এআই এর ব্যবহারের কোনো বিকল্প নেই।’
ইউজিসি পরিচালক ওমর ফারুখ বলেন, ‘জেনারেটিভ এআই ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা বজায় রাখতে হবে এবং ভুল তথ্য প্রদান থেকে সবাইকে বিরত থাকতে হবে।’
কর্মশালায় অংশ নেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক সুলতান মাহমুদ ভূইয়া, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিন, অডিট বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) নাহিদ সুলতানাসহ ২৯ জন কর্মকর্তা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিটি বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ইমতিয়াজ আহমেদ।
জেনারেটিভ এআই বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন বিডিরেন-এর জেনারেল ম্যানেজার খন্দকার রাশেদুল আরেফিন, ম্যানেজার আবু নাসের মো. নাফিউ, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রান্ত পাল এবং সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পুনম চৌধুরী।


