ভারতের রাজস্থানের জয়পুরে সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারে ভয়াবহ আগুনের ঘটনায় আটজন রোগী মারা গেছেন। এই মর্মান্তিক ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন রোগীর স্বজনরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার রাতে আগুন লাগার পর মুহূর্তেই পুরো ফ্লোরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়।
হাসপাতালের কর্মী ও স্বজনরা মিলে তড়িঘড়ি করে রোগীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় পুড়ে যায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)- এ থাকা মূল্যবান যন্ত্রপাতি, গুরুত্বপূর্ণ নথিপত্র, রক্তের নমুনা সংরক্ষণের টিউবসহ অন্যান্য সামগ্রী।
প্রত্যক্ষদর্শী ওয়ার্ডবয় বিকাশ বার্তা সংস্থা পিটিআই’কে বলেন, ‘আমরা তখন অপারেশন থিয়েটারে ছিলাম। আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ছুটে যাই। এ সময় আমরা অন্তত তিন-চারজন রোগীকে উদ্ধার করতে পেরেছি। কিন্তু আগুন ও ধোঁয়া বেড়ে যাওয়ায় ভেতরে ঢোকা আর সম্ভব হয়নি।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলেও ঘন ধোঁয়ার কারণে ভবনের ভেতরে ঢুকতে পারেনি। ফায়ার সার্ভিস এসে ভবনের বিপরীত পাশের একটি জানালা ভেঙে আগুন নেভানো শুরু করে বলেও জানান তিনি।
ট্রমা সেন্টারের পরিদর্শক ডা. অনুরাগ ঢাকড় জানান, স্টোরেজ রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় নিউরো আইসিইউতে মোট ১১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।
আগুনে খবর পেয়ে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সংসদীয় বিষয়ক মন্ত্রী যোগারাম প্যাটেল ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিং বেধাম ট্রমা সেন্টার পরিদর্শনে যান।


