রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি দেন
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মগবাজারের ওই হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয়টি প্রাণ ঝরে গেছে। বিষয়টি তদন্তে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার এবং অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট হয়েছে। দেশে হামের সংক্রমণ বৃদ্ধির পেছনেও তিনি এই অব্যবস্থাপনাকে দায়ী করেন।
এর আগে, কোনো পূর্বঘোষণা ছাড়াই কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে নামেন স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিবেশ ও রোগীদের খাবারের মান সশরীরে পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা ব্যবস্থার খোঁজ নেন।
পরিদর্শনকালে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, হাসপাতালের পরিচালক সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সকালে মন্ত্রী জেলার পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।


