রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে ‘নিখোঁজ’ রয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এহসানউল্লাহ।
গত বুধবার থেকে তিনি রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুপস্থিত রয়েছেন। পরদিন তিনি ডাকযোগে ছুটির আবেদন পাঠালেও তা গৃহীত হয়নি।
ডিআইজি এহসানউল্লাহ বিসিএস ২০ ব্যাচের কর্মকর্তা। তিনি পুলিশ একাডেমির অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস শাখার দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সারদা পুলিশ একাডেমির পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘বুধবার সকাল থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। পরদিন ডাকযোগে তিনি একটি ছুটির আবেদন পাঠিয়েছেন, তবে তা গৃহীত হয়নি।’
পুলিশের একটি সূত্র বলছে, গত বুধবার ডিআইজি এহসানউল্লাহকে আটকের জন্য ঢাকা থেকে একটি দল এসেছিল। বিষয়টি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে তিনি পালিয়ে যান।


