চট্টগ্রামের রাউজানে জাহেদ তালুকদার (৪৫) নামে এক ব্যক্তির ডান পায়ে গুলি করা হয়েছে। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
সোমবার রাত ২টার দিকে নোয়াজিষপুর ইউনিয়নের নতুনহাট বাজার এলাকার মঈনিয়া আজিজিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
আহত জাহেদ তালুকদার তালুকদার পাড়ার কবির আহমদের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাউজানে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চলমান বিরোধের জেরে মুহাম্মদ কালু নামে এক ব্যক্তি জাহেদকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তার সঙ্গে আরও কয়েকজন সহযোগীও ছিল।
গুলিটি জাহেদের ডান পায়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর থেকেই কালু পলাতক।
রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা জানান, এলাকায় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে বলে খবর পেয়েছেন। তবে, অভিযুক্তরা রাজনৈতিকভাবে সক্রিয় হলেও কারও সাংগঠনিক পদ নেই।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘কালু নামে এক সন্ত্রাসী জাহেদকে গুলি করেছে। তার সঙ্গে আরও কয়েকজন ছিল। তাদের আটকের জন্য অভিযান চলছে। তবে, আহতের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।’
এর আগে, ৭ অক্টোবর বিকালে বাগোয়ান ইউনিয়নের হামিম অ্যাগ্রো ফার্ম থেকে প্রাইভেট কারে চট্টগ্রাম শহরে ফেরার পথে মদুনাঘাট সেতুর পশ্চিম প্রান্তে হাকিমের গাড়িকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে আসা কয়েকজন। ঘটনাস্থলেই মারা যান ব্যবসায়ী আবদুল হাকিম (৫২)। গুরুতর আহত হন তার গাড়িচালক।
৫ নভেম্বর বিকাল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম-৮ আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া এরশাদ উল্লাহ। তিনি দলটির মহানগরের আহ্বায়ক। সে সময় গুলিতে নিহত হন তার সঙ্গে গণসংযোগে থাকা সরোয়ার বাবলা।


