টেকনাফে অপহৃত বাংলাদেশি যুবক উদ্ধার

টেকনাফে অপহৃত বাংলাদেশি যুবক উদ্ধার
উদ্ধার হওয়া অপহৃত বাংলাদেশি যুবক। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের একটি চক্রের হাতে অপহৃত সাকিব হোসেন (২৪) নামে এক বাংলাদেশি যুবককে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাকে ফেলে গহিন পাহাড়ে পালিয়ে যায় অপহরণকারীরা।

বুধবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে সাকিবকে উদ্ধার করা হয়। তিনি মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়ার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।

১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানিয়েছে, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, রোহিঙ্গা সন্ত্রাসীদের একটি দল টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় এক বাংলাদেশি যুবককে আটকে রেখে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে। পরে তথ্য যাচাই করে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ি এলাকায় ওই যুবকের অবস্থান শনাক্ত করা হয়।

আরও পড়ুন

এরপর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে অপহরণকারীরা সাকিবকে ফেলে গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব জানান, মোবাইল ফোনের মাধ্যমে এক রোহিঙ্গা তরুণীর সঙ্গে তার পরিচয় ও যোগাযোগের সূত্রে সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণীর কথায় তিনি নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দেখা করতে গেলে অজ্ঞাতনামা কয়েকজন তাকে আটক করে রাখে। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।

মো. কাউছার সিকদার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত যুবকের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে যুবককে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’

প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে সাকিব হোসেনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর