‘রক্ত ঝরানোর ঘটনায় তারেক রহমানকে কাফফারা দিতে হবে’

‘রক্ত ঝরানোর ঘটনায় তারেক রহমানকে কাফফারা দিতে হবে’
গাড়িবহরে হামলার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘তারেক রহমান, আপনি একটি মস্ত বড় রাজনৈতিক ভুল করেছেন। এজন্য আপনাকে কাফফারা দিতে হবে। এমন কাফফারা দিতে হবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না।’

শুক্রবার রাতে সিলেটের জৈন্তাপুরে জনসভা শেষে নগরীতে ফেরার পথে হরিপুর এলাকায় গাড়িবহরে হামলা ও আহত হওয়ার ঘটনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন বলেন, ‘আজ আমাদের তিনটি কর্মসূচি ছিল। স্টেজ থেকে নেমে গাড়ি কয়েক মিনিট যাওয়ার পর বিকট একটি শব্দ হয়। আমাদের গাড়ির কাঁচ ভেঙে যায়। একটি বড় ইট এসে পড়ে। আমার হাতে ইটের আঘাতের দাগ আছে। মাথায় লাগলে মাথা ফেটে যেত।’

তিনি অভিযোগ করেন, ‘আজ ইশরাক উসকানি দিয়েছেন, রাশেদ খান উসকানি দিয়েছেন। আমি জীবন নিয়ে শঙ্কিত, নিরাপদ নই। তবে দলকে বলে দিয়েছি, তারেক রহমান রাজনৈতিকভাবে একটি মস্ত বড় ভুল করেছেন।’

আরও পড়ুন

ব্যক্তিগতভাবে এই ঘটনার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এই ঘটনার জন্য আমি কোনো আদালতে যাব না। রাজনৈতিকভাবে পরাজয় নিশ্চিত করার মাধ্যমেই এর জবাব দেওয়া হবে। এই রক্তের প্রতিশোধ কড়ায়-গণ্ডায় বুঝে নেব।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আমাদের রিমান্ডে নিয়েছিল। তাকে আমরা দেশ থেকে তাড়িয়েছি। তারেক রহমান, আপনি মস্ত বড় ভুল করেছেন। এজন্য আপনাকে কাফফারা দিতে হবে। এমন কাফফারা, যা আপনি কল্পনাও করবেন না। আপনি আমার রক্ত ঝরিয়েছেন। আপনি আমার বয়সে বড়। ছোট ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব। আপনার কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে এই রক্তের প্রতিশোধ নেব।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজ যার আসনে গিয়েছিলাম, তাকে বলেছিলাম পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে। সালাউদ্দিন সাহেবকে নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা বলেছিলাম। তিনি বলেছেন, নিরাপত্তা দেওয়া যাবে না। ঠিক আছে, মারা যাব।’

পুলিশের অস্বীকারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার পেছনে এএসপির গাড়ি ছিল, সামনে পুলিশের গাড়ি ছিল। পাশে মোটরকেড ছিল। এখনো গাড়ি ভাঙা আছে, ইট আছে, আঘাত আছে। আমরা এসপিকে জানিয়েছি, পুলিশকে জানিয়েছি। আমরা আশা করব, পুলিশ সদস্যরা তাদের চরিত্র পরিবর্তন করবেন। আমি আদালতে বা কোথাও যাব না। বিষয়টি আমি ব্যক্তিগতভাবে নিলাম।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad