মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও ইউরিয়া সারসহ একটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার মধ্যরাতে কক্সবাজারের লাবনী বিচ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহন করা প্রায় দুই লাখ টাকার ২৭০ বস্তা সিমেন্ট ও ৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার আরও জানান, এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল ও পাচারের জন্য ব্যবহৃত বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পাচার ও চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


