মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সহজ করতে ডিএসই’র নতুন প্ল্যাটফর্ম

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সহজ করতে ডিএসই’র নতুন প্ল্যাটফর্ম
Advertisement
Advertisement

ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে একটি ওয়েবভিত্তিক অর্ডার সংগ্রহ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারীরা ডিএসইর ব্যবস্থার আওতায় ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনা এবং পুনঃক্রয় বা রিডেম্পশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

ডিএসইর উদ্যোগের লক্ষ্য হলো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের প্রবেশাধিকার বাড়ানো এবং পুঁজিবাজারে আর্থিক পণ্যের বৈচিত্র্য তৈরি করা।

এ লক্ষ্যে সোমবার ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট সৃষ্টি ও রিডেম্পশনের জন্য প্রস্তাবিত ওয়েবভিত্তিক অর্ডার সংগ্রহ ব্যবস্থা নিয়ে একটি কর্মশালার আয়োজন করে ডিএসই।

কর্মশালায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. নাফিজ আল তারিক বলেন, এই প্ল্যাটফর্ম দেশের মিউচুয়াল ফান্ড শিল্পের বিকাশ এবং বিনিয়োগকারীদের জন্য কার্যকর সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বিনিয়োগকারীদের প্রবেশাধিকার বাড়াতে এবং মিউচুয়াল ফান্ড খাতকে শক্তিশালী করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ প্রয়োজন।

ডিএসই ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, বিনিয়োগকারীদের জন্য সমন্বিত সুবিধা নিশ্চিত করা এবং বিনিয়োগ পোর্টফোলিওতে বৈচিত্র্য আনার সুযোগ তৈরি করা এক্সচেঞ্জের আধুনিকায়ন পরিকল্পনার অংশ।

আরও পড়ুন

তিনি বলেন, প্রস্তাবিত প্ল্যাটফর্ম মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করবে।

এক প্ল্যাটফর্মে ইউনিট কেনা ও পুনঃক্রয়

ডিএসই জানায়, বর্তমানে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে ইউনিট কেনা ও পুনঃক্রয় প্রক্রিয়া আরও সহজ করতে একটি সমন্বিত স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারীরা ডেস্কটপ ও মোবাইল উভয় মাধ্যমেই মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনা এবং বিক্রয় বা পুনঃক্রয়ের আবেদন করতে পারবেন।

ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার সাইয়িদ মাহমুদ জুবায়ের কর্মশালায় প্রস্তাবিত ব্যবস্থার কার্যক্রম কাঠামো, বৈশিষ্ট্য এবং ব্যবহার পদ্ধতি তুলে ধরেন।

ডিএসই বলছে, এই উদ্যোগের ফলে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের প্রবেশ আরও সহজ হবে এবং পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ বাড়বে।

ব্রোকাররা হবেন বিক্রয় প্রতিনিধি

প্রস্তাবিত ব্যবস্থায় ডিএসইর প্রতিটি স্টক ব্রোকার সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজারের বিক্রয় বা ডিলিং এজেন্ট হিসেবে কাজ করবে।

তারা প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারীদের মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনা, বিক্রয় ও পুনঃক্রয় কার্যক্রমে সহযোগিতা করবে।

ডিএসই জানিয়েছে, ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট বিক্রয় ও পুনঃক্রয় সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজারের নির্ধারিত বা ঘোষিত মূল্যে সম্পন্ন হবে। পুরো কার্যক্রম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫ অনুযায়ী পরিচালিত হবে।

ডিএসইর মতে, নতুন এই ব্যবস্থা পুঁজিবাজারের অবকাঠামো আধুনিকায়ন এবং বিনিয়োগকারীদের জন্য বৈচিত্র্যময় আর্থিক পণ্য তৈরির বৃহত্তর পরিকল্পনার অংশ।

মিউচুয়াল ফান্ড খাতে প্রযুক্তিনির্ভর লেনদেন ব্যবস্থা চালু হলে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়বে এবং দীর্ঘমেয়াদে পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ভিত্তি শক্তিশালী হতে পারে বলে আশা করছে ডিএসই।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর