মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নিখোঁজের পর আনছার উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১১টার দিকে উপজেলার পানাইজুরী গ্রামের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আনছার উদ্দিন একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
ঘটনাটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু এ বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি উল্লেখ করে পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, নিহতের স্ত্রী ও ছেলের সঙ্গে কথা বলে জানা গেছে, আনছার উদ্দিন নিয়মিত রাতে বাইরে গিয়ে গান শুনতেন। শনিবার রাতে তিনি বাইরে গেলে পরিবার ধারণা করেন অন্যান্য দিনের মতো তিনি বাইরে গান শুনতে বের হয়েছেন।
এছাড়া নিহত মৃগী রোগে ভুগছিলেন জানিয়ে ওসি বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু মনে হলেও কোনো অস্বাভাবিকতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


