অভিনয়শিল্পী যাহের আলভীর বিরুদ্ধে মানববন্ধন করেছে ‘জাস্টিস ফর ইকরা’ নামের একটি প্ল্যাটফর্ম। আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার পিছনে তার পাশাপাশি অভিনেত্রী ইফফাত আরা তিথির নাম এসেছে। মানবন্ধনে অংশগ্রহণকারীরা এই দুই অভিনয়শিল্পীকে বর্জনের ডাক দিয়েছেন।
বুধবার (৪ মার্চ) দুপুর ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে ইকরার বান্ধবীরা ছাড়া আরও অনেকে অংশগ্রহণ করেন। ইকরার জন্য ন্যায়বিচার দাবি করে তারা ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ইকরা’ স্লোগান দিতে থাকেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। ইকরার মৃত্যুর পরপরই একজন অভিনয়শিল্পী সহকর্মীর সঙ্গে জাহের আলভীর কথিত প্রেমের সম্পর্কের কথা সামনে এসেছে। বিবাহবহির্ভূত এই সম্পর্কের জেরে ইকরা ‘আত্মহত্যা’র পথ বেছে নিয়েছেন, এমনটাই অভিযোগ ইকরার মা রেবেকা সুলতানা ও তার পরিবারের অন্য সদস্যদের, এমনকি বন্ধুদেরও।
এ ঘটনায় আলভী ও তার মাকে প্রধান আসামী করে মামলা করেছে ইকরার পরিবার।


