নড়াইলের লোহাগড়া উপজেলায় সুমাইয়া বেগম (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইয়ামিন শেখের বিরুদ্ধে। শনিবার রাত ২টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সুমাইয়া জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রামের ফরিদ ভূইয়ার মেয়ে। ইয়ামিন নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামের ফসিয়ার শেখের ছেলে। তাদের দুই মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের বাবা ফরিদ ভূইয়া অভিযোগ করেন, ঘটনার রাতে সুমাইয়াকে ইয়ামিন ও স্বামীর পরিবারের সদস্যরা পিটিয়ে হত্যা করেছেন।
তিনি বলেন, ‘মেয়ের পা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে মারধর করেই হত্যা করা হয়েছে।’ এ ঘটনার সঠিক বিচার দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত স্বামী ইয়ামিন। তিনি বলেন, ‘তার স্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা ছিল। রাত ২টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে প্রথমে ওষুধ দেওয়া হয়। পরে চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’ প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।


