কক্সবাজারের মহেশখালীতে মো. শের আলী হত্যা মামলার মূলহোতা ও প্রধান আসামি মো. দলিলুর রহমানকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (ল’অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক এ তথ্য জানান।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার কক্সবাজার র্যাব-১৫ ও র্যাব-৯ এর যৌথ আভিযানিক দল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার রেলস্টেশন সংলগ্ন পার্কিং এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযুক্ত দলিলুর রহমানের কাছে থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও নগদ আট হাজার ৬১০ টাকা জব্দ করা হয়।
আ. ম. ফারুক জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের কারণে পূর্বশত্রুতার জেরে শের আলীকে হত্যা করা হয়।
এর আগে, গত বুধবার রাজধানী ঢাকার ডিএমপির রমনা থানা এলাকা থেকে এ হত্যার অন্যতম পরিকল্পনাকারী ও আসামি আজিজুর রহমানকে (২৪) গ্রেপ্তার করে র্যাব।
মামলার নথি অনুযায়ী, গত ২৬ নভেম্বর বিকালে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে মহেশখালীর বাসিন্দা মো. শের আলীর ওপর অতর্কিতে সশস্ত্র হামলা চালান আজিজুর ও তার সঙ্গীরা। ভুক্তভোগী শের আলী এসময় সাপমারা ডেইল জামে মসজিদে আসরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন।
হামলাকারীরা কিরিচ, দা, ছোরা, লোহার রড, হাতুড়ি ও লাঠি-সোটা দিয়ে শের আলীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে গত ২ ডিসেম্বর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একইদিন নিহতের ছেলে বাদী হয়ে মহেশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


